ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২০ ১৪৩৩

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন। ডনের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলাম। 

রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে জানায়, ডন মামলার এজাহারনামীয় আসামি এবং ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

অন্যদিকে আসামিপক্ষের দাবি, সালমান শাহ আত্মহত্যা করে মারা গেছেন এবং একাধিক সংস্থার তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ৯ আগস্ট বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন— সালমান শাহের স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ, লতিফা হক লুছি, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ (১৭)। 

এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর, রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। তবে গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদী পক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

এএইচ