ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২০ ১৪৩৩

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার | আপডেট: ০৮:৩৭ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

পটুয়াখালীতে এক কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর শারীরিক নির্যাতনের পর এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার পৌর শহর সংলগ্ন বসাক বাজার এলাকা থেকে পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মনিরকে তুলে নিয়ে যান সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব এবং ছাত্রদলের সক্রিয় কর্মী সিয়াম। 

মনিরের পরিবারের দাবি, গত রাতের কোনো একসময় তাকে তুলে নিয়ে আটকে রেখে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। এই সময় মনিরের ব্যবহৃত একটি দামি মোবাইল ফোনও তারা ছিনিয়ে নেয়। পরে পরিবারের কাছ থেকে এক লাখ টাকা আদায়ের পর মনিরকে মুক্তি দেওয়া হয়।

হাসপাতাল ও থানা কর্তৃপক্ষ এই বিষয়ে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামান্না রহমান জানান, মনিরের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনা শোনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমএইচ