ঢাকা, বুধবার   ০৭ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২২ ১৪৩৩

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজন ৪ দিনের রিমান্ডে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১২ পিএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’কে প্রিজন ভ্যান থেকে পালাতে সহায়তায় দুই পুলিশ সদস্যসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার দুপুরে গাজীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক জোবায়ের রশিদ এই আদেশ  দিয়েছেন। 

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস, চালক নায়েক কামাল হোসেন এবং রাজার বোন তাসলিমা।

এর আগে গতকাল মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মঙ্গলবার আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেফতার করে পুলিশ।

২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পিচ্চি রাজাসহ ২৯ আসামিকে নিয়ে ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দিকে যাওয়া প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজাকে পালিয়ে যেতে সহায়তা করেন দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই পুলিশ সদস্য ও পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেফতার করা হয়।

এএইচ