চার দিনের সফরে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
চলতি মাসের শেষ সপ্তাহে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বিশেষ আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর তিনি টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এই সফরে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সফরসূচি অনুযায়ী জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার প্রস্তুতি চলছে। বিশেষ করে জ্বালানি খাতে অংশীদারত্ব বৃদ্ধি, জাপানের বাজারে বাংলাদেশের জনশক্তি রপ্তানি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ আকর্ষণের মতো বিষয়গুলো এই সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।
ইতোমধ্যেই সফরটিকে কেন্দ্র করে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাজ শুরু করেছে দুই দেশের কূটনৈতিক মহল। এর মধ্যে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা প্রধানমন্ত্রীর এই টোকিও সফরেই আনুষ্ঠানিকভাবে সই হতে পারে বলে আশা করা হচ্ছে।
এমএইচ
