ঢাকা, বুধবার   ০৭ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২২ ১৪৩৩

বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৬:০৭ পিএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

সরকারি কলেজ ও মাদরাসায় কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সব ধরনের বদলি এবং পদায়ন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্ট জানানো হয়েছে যে, পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের এই বদলি ও পদায়ন প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ থাকবে। বর্তমানে দেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ১৮ হাজার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। মূলত এই বিপুল সংখ্যক কর্মকর্তার বদলি ও পদায়নকে কেন্দ্র করে একটি অসাধু সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ রয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই সিন্ডিকেটটি বদলি বাণিজ্যকে পুঁজি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী সমাধান করা সম্ভব হচ্ছিল না। অবশেষে এই বদলি প্রক্রিয়াকে স্বচ্ছ করতে এবং অনিয়ম রুখতেই শিক্ষা মন্ত্রণালয় আকস্মিকভাবে এই স্থগিতাদেশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে।

এমএইচ