ঢাকা, মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২১ ১৪৩৩

সাবেক যুবলীগ নেতা আনোয়ারুল ও তার স্ত্রীর বিদেশ গমনে আদালতের নিষেধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম এবং তার স্ত্রী মোসা. সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।

দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার পক্ষ থেকে আদালতে পেশ করা আবেদনে জানানো হয়, মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধান চলছে। বর্তমানে এই অনুসন্ধান কার্যক্রমটি চলমান রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, গোপন সূত্রের মাধ্যমে জানা গেছে যে অভিযুক্ত আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী সেলিনা খাতুন আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে গোপনে দেশ ছাড়ার চেষ্টা চালাচ্ছেন। তারা যদি কোনোভাবে বিদেশে পালিয়ে যেতে সক্ষম হন, তবে তাদের বিরুদ্ধে চলমান এই অনুসন্ধান প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়াসহ সার্বিক তদন্ত কাজ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। 

এ কারণেই সুষ্ঠু তদন্তের স্বার্থে জরুরি ভিত্তিতে তাদের বিদেশ গমনের ওপর বিধি-নিষেধ আরোপ করা প্রয়োজন। আদালত দুদকের এই যুক্তি ও আবেদন বিবেচনা করে তাদের দেশত্যাগের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।

এমএইচ