কিউ-ক্যাশ চালু, স্বাভাবিক ৩০ ব্যাংকের অনলাইন সেবা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার
দুই দিন বন্ধ থাকার পর কিউ-ক্যাশের সব সেবা পুরোপুরি চালু হয়েছে। এর ফলে বন্ধ থাকা ৩০ ব্যাংকের গ্রাহকেরা অনলাইনে স্বাভাবিকভাবে লেনদেন করতে পারছেন।
বুধবার (৭ অক্টোবর) কয়েকটি ব্যাংক গ্রাহকদের খুদে বার্তার মাধ্যমে তাদের কার্ড ও ডিজিটাল লেনদেন সেবা সচল হওয়ার বিষয়টি জানিয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আইটিসি জানায়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো লেনদেন করতে পারবেন।
ব্যাংক এশিয়া জানিয়েছে, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি চালু হয়েছে।
এর আগে কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি-সংশ্লিষ্ট সেবা বিঘ্নিত হয়। এতে হঠাৎ করে এটিএম থেকে টাকা তোলা, কার্ডে কেনাকাটা ও বিভিন্ন ধরনের ডিজিটাল লেনদেনে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা।
পরিস্থিতি স্বাভাবিক করতে মঙ্গলবার রাতে কিউ-ক্যাশ নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে স্যুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরই কিউ-ক্যাশ নেটওয়ার্কের সেবা চালু হয়। ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বন্ধ থাকা এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
এএইচ
