ঢাকা, বুধবার   ০৭ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২২ ১৪৩৩

একদিনে ডেঙ্গুতে আরও ৮ প্রাণহানি, মোট মৃত্যু ২৮৯ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২২ পিএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার

দেশজুড়ে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৮৯ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে দুইজন, রাজশাহী বিভাগে দুইজন, সিলেট বিভাগে একজন ও বরিশাল বিভাগে একজনের প্রাণহানি হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২০০ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১, খুলনা বিভাগে ৩৭৬, ময়মনসিংহ বিভাগে ১১০, রাজশাহী বিভাগে ১৭৬, রংপুর বিভাগে ৩৮ ও সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১২৯ জন মারা গেছেন। 

এ ছাড়া এসময়ে খুলনা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৩, বরিশাল বিভাগে ২৫, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

এমএইচ