ঢাকা, বুধবার   ০৭ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২২ ১৪৩৩

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও জোরালো করার অঙ্গীকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

বুধবার (৭ অক্টোবর) বৈঠকে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীর সাম্প্রতিক দায়িত্ব গ্রহণের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানান এবং দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।  

প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জার্মানির দীর্ঘদিনের সম্পৃক্ততা ও সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য শক্তি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি এবং অভিবাসন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর জোর দেন।

আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় গুরুত্বের সঙ্গে স্থান পায়। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার অংশীদারিত্বের পরিধি বাড়ানোর বিষয়ে বিশদ মতবিনিময় করে এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। 

রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বিষয়ে জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করা, বিমান চলাচল বা এভিয়েশন খাতে সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

জার্মান রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে নির্বাচনের পরবর্তী সময়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়টি ইতিবাচকভাবে তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের বিদ্যমান বিনিয়োগ-বান্ধব পরিবেশের কারণে জার্মান কোম্পানিগুলোর এখানে বিনিয়োগ করার আগ্রহ দিন দিন বাড়ছে। ঢাকা ও বার্লিনের মধ্যে চলমান এই উচ্চ-পর্যায়ের সম্পৃক্ততা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক অংশীদারিত্বকে ভবিষ্যতে আরও গতিশীল ও ফলপ্রসূ করবে বলে বৈঠকে উভয় পক্ষই দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।

এমএইচ