ঢাকা, বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২৩ ১৪৩৩

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ৩

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ৩ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

সৌদি জেনারল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

অন্যদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সুদানের এক নাগরিক নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

হামলার দায় এখনো সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে ইয়েমেনের হুথি সামরিক বাহিনী পরবর্তীতে দুটি বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এছাড়া সৌদি রাজধানীতে হামলা চালাতে ব্যবহৃত ইয়েমেনের রাজধানী সানার একটি লঞ্চিং প্যাডও ধ্বংস করা হয়েছে।

সূত্র: সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এএইচ