ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
ধামরাই প্রতিনিধি
প্রকাশিত : ১২:২০ পিএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আবুবকর সিদ্দিক (২৬)। তিনি নেত্রকোনা জেলার বাসিন্দা। এ ঘটনায় বাসের এক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর নামক স্থানে ঢাকাগামী ‘AKH ইকো অ্যাপারেলস’-এর একটি স্টাফবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরিচাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আবুবকর সিদ্দিক মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পুলিশ এসে দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গোলড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জয়নুল জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত করে এর চালককে আটকে পুলিশি অভিযান চালানো হচ্ছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এএইচ
