শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভেনথাম নাভি পিলাই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ৯ অক্টোবর ২০২৬ শুক্রবার | আপডেট: ০৪:০০ পিএম, ৯ অক্টোবর ২০২৬ শুক্রবার
চলতি বছর সম্মানজনক নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত আইনজ্ঞ ও মানবাধিকার কর্মী নাভেনথাম নাভি পিলাই। শুক্রবার (৯অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে নরওয়ের নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে। বিশ্বজুড়ে শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই অনন্য সম্মানে ভূষিত করা হয়েছে।
নোবেল কমিটি তাদের বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মতো অপরাধে জড়িতরা যেন বিচারের মুখোমুখি হয়, সেটি নিশ্চিতে নাভি পিলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমান যুদ্ধ ও সংঘাতময় পরিস্থিতিতে আন্তর্জাতিক আইনের শাসন এবং ন্যায়বিচার অক্ষুণ্ণ রাখার প্রয়াসকে উৎসাহিত করতেই এই বছর তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হলো।
দক্ষিণ আফ্রিকায় চরম বর্ণবাদ চলাকালীন ডারবানের এক ভারতীয় বংশোদ্ভূত তামিল পরিবারে নাভি পিলাই জন্মগ্রহণ করেন। বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি জীবনের শুরুতে তিনি নেলসন ম্যান্ডেলাসহ অন্যান্য বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের পক্ষে আইনজীবী হিসেবে লড়াই করেছেন। পরবর্তীতে তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের বিচারকের দায়িত্ব পালনের পাশাপাশি রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতেও কাজ করেছেন।
সম্প্রতি তিনি ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলের অপরাধ তদন্তে গঠিত জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনে কাজ করেছেন। এছাড়া বর্তমানে তিনি আন্তর্জাতিক বিচার আদালতে আছেন, যেখানে গণহত্যায় অভিযুক্ত মিয়ানমারের বিচার প্রক্রিয়া চলছে।
এমএইচ
