ঢাকা, শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২৪ ১৪৩৩

দেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ৯ অক্টোবর ২০২৬ শুক্রবার

বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পালন না করে এবং সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার দায় জামায়াতকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, দীর্ঘ সতেরো বছর নির্যাতন, হামলা-মামলা ও গুমের শিকার হতে হয়েছে। ছাত্র-জনতা যখন স্বৈরাচারকে পরাজিত করেছে এবং দেশ যখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। 

তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দলের মধ্যে যেন স্বৈরাচারী শক্তি প্রবেশ করে কোনো ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। এছাড়া মুক্তিযোদ্ধাদের যারা আড়াল ও অপমান করতে চায়, তাদের বিরুদ্ধেও বিএনপির অবস্থান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিদ্যুৎ খাতের সমালোচনা করে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। ইউনূস সরকারের সময়ও এই খাতে কোনো কাজ হয়নি বলে তিনি মন্তব্য করেন। তবে বর্তমান সরকার সুচারুভাবে এই খাতকে স্বাভাবিক করার চেষ্টা করছে এবং নিজেদের সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দিচ্ছে বলে তিনি জানান।

এর আগে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ