ঢাকা, রবিবার   ১১ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২৬ ১৪৩৩

রিয়াদে হামলায় নিহতদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে: শামা ওবায়েদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১১ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রবিবার | আপডেট: ০৬:৩৩ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রবিবার

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় প্রাণ হারানো দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই ঘটনায় আহত আরও চারজন বাংলাদেশি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শনিবারের এই হামলায় হতাহত বাংলাদেশিদের সর্বোচ্চ সহায়তার জন্য রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। নিহতদের মরদেহ দ্রুত ও সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশে আনার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

পাশাপাশি আইসিইউতে চিকিৎসাধীন চার বাংলাদেশির চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছে দূতাবাস। বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

এর আগে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াদ বিমানবন্দরে হওয়া এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করা এবং বিমানবন্দর বা বেসামরিক স্থাপনায় এ ধরনের সশস্ত্র হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

এই সংকটের মুখে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সাথে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে অবিলম্বে এই শত্রুতা বন্ধ করে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এমএইচ