বিশ্বমানের প্যাকেজিংয়ে নতুন দিগন্ত খুলছে রিমার্ক সুপার প্যাক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০২ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রবিবার
দেশের হোম ও পার্সোনাল কেয়ার শিল্পের বিকাশে বিশ্বমানের প্যাকেজিং, কাঁচামালের সহজলভ্যতা এবং কার্যকর নীতিসহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা। তাঁদের মতে, পণ্যের সুরক্ষা ও গুণগত মান নিশ্চিত করা, ব্র্যান্ডের পরিচিতি তৈরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনে প্যাকেজিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে কাঁচামাল আমদানিতে করের চাপ কমানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং দেশীয় উৎপাদকদের সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত ‘বাংলাদেশ হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রি কনফারেন্স’-এ এসব বিষয় উঠে আসে।
এইচপিসি ও রিমস আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে রিমার্ক এইচবি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সুপার প্যাক চ্যানেলের প্রধান জয়ন্ত সরকার, রিমার্কের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস, রিমেক্স করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার ত্বাহা, রিমসের ব্যবস্থাপনা পরিচালক চান মোহন সাহাসহ কাঁচামাল ও প্রযুক্তি সরবরাহকারী এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।
প্যাকেজিং খাতের গুরুত্ব তুলে ধরে রিমার্ক সুপার প্যাকের প্রধান জয়ন্ত সরকার বলেন, কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্যের জন্য আন্তর্জাতিক মানের প্যাকেজিং সমাধান নিয়ে কাজ করছে রিমার্ক সুপার প্যাক। আধুনিক প্রযুক্তি, নিজস্ব উৎপাদন সক্ষমতা এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড প্যাকেজিং সুবিধার মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের জন্য স্থানীয়ভাবে বিশ্বমানের প্যাকেজিং তৈরির সুযোগ সৃষ্টি করছে প্রতিষ্ঠানটি।
রিমার্ক এইচবি লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান রিমার্ক সুপার প্যাক স্থানীয় প্যাকেজিং শিল্পে নিজেদের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি আমদানিনির্ভরতা কমাতে ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। তাঁদের মতে, দেশেই আন্তর্জাতিক মানের প্যাকেজিং উৎপাদনের সক্ষমতা বাড়লে স্থানীয় উদ্যোক্তারা আরও সহজে মানসম্মত পণ্য বাজারজাত করতে পারবেন।
জয়ন্ত সরকার আরও বলেন, প্যাকেজিং শিল্পের টেকসই বিকাশে কাঁচামাল আমদানিতে করের চাপ পর্যালোচনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করা এবং উৎপাদক ও সরবরাহকারীদের মধ্যে সহযোগিতা বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের কার্যকর নীতিসহায়তা দেশীয় শিল্পের উৎপাদন সক্ষমতা ও প্রতিযোগিতার শক্তি বাড়াতে সহায়ক হতে পারে।
সম্মেলনে কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নিয়ে রিমার্কের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস পণ্যের গুণগত মান, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এ শিল্পের দীর্ঘমেয়াদি বিকাশে ভোক্তাদের আস্থা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য মানহীন ও নকল পণ্যের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সুকান্ত দাসের মতে, হোম ও পার্সোনাল কেয়ার এবং কসমেটিকস শিল্পের জন্য আগামী পাঁচ বছরের একটি সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করা গেলে তা দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে পারে। এ লক্ষ্যে দেশীয় উৎপাদকদের সক্ষমতা বিবেচনায় নিয়ে নীতিমালা উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং কাঁচামাল আমদানিতে করের চাপ কমানোর প্রয়োজন রয়েছে।
সরবরাহব্যবস্থা, উৎপাদনশিল্প এবং ভবিষ্যৎ বাজারের প্রবণতা নিয়ে আলোচনায় রিমেক্স করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার ত্বাহা হোম ও পার্সোনাল কেয়ার খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি মনে করেন, উৎপাদন, সরবরাহ, বাজার বিশ্লেষণ ও বিপণনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে ব্যবসায়িক দক্ষতা উন্নত হবে। পাশাপাশি ভোক্তাদের পরিবর্তিত চাহিদা সম্পর্কে দ্রুত ধারণা পাওয়া এবং বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবসায়িক কৌশল নির্ধারণ করা সহজ হবে।
সম্মেলনে অনলাইন বাজারে নকল ও মানহীন পণ্য বিক্রির বিষয়েও উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, এ ধরনের পণ্য ভোক্তাদের আস্থা ক্ষুণ্ন করার পাশাপাশি মানসম্পন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে। এ সমস্যা মোকাবিলায় বাজার তদারকি জোরদার, মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তাঁরা।
বক্তাদের মতে, উৎপাদক, কাঁচামাল সরবরাহকারী, প্যাকেজিং প্রতিষ্ঠান, প্রযুক্তি সেবাদাতা ও নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় বাড়ানো গেলে হোম ও পার্সোনাল কেয়ার শিল্পের প্রবৃদ্ধি আরও গতিশীল হবে। পরিকল্পিত উদ্যোগ, প্রযুক্তিনির্ভর উৎপাদন এবং কার্যকর নীতিসহায়তার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশের এ খাতকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক অবস্থানে নেওয়া সম্ভব।
দিনব্যাপী এ সম্মেলনের ইভেন্ট পার্টনার ছিল রিমার্ক এইচবি লিমিটেড, আইএফএফ, কেভা, রিমেক্স ও সানআন লিমিটেড। গিফট পার্টনার ছিল লিলি ও স্কিনো। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রিমসের ব্যবস্থাপনা পরিচালক চান মোহন সাহা।
এমএইচ
