দিল্লিতে বিমসটেকের যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৪ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রবিবার
ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠেয় বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী মঙ্গলবার শুরু হতে যাওয়া এই আঞ্চলিক আয়োজনে মন্ত্রীর পরিবর্তে বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ছাড়া বিমসটেকের অন্য ছয় সদস্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। মন্ত্রী পর্যায়ের মূল বৈঠকের আগের দিন অর্থাৎ ১২ অক্টোবর প্রথমবারের মতো আলোচনায় বসবেন সদস্যদেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের মূল বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এর আগের দিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক পরিচালনা করবেন ভারতের স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন।
এই সম্মেলনে আঞ্চলিক সন্ত্রাসবাদ ও আন্তসীমান্ত অপরাধ দমনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর পাশাপাশি মানব পাচার, মাদক ও রাসায়নিকের অবৈধ বাণিজ্য প্রতিরোধ, অর্থ পাচার এবং সন্ত্রাসে অর্থায়ন বন্ধে সদস্যরাষ্ট্রগুলোর নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয় বৃদ্ধির কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। গত সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত বিমসটেকের সন্ত্রাসবাদ দমন ও আন্তর্জাতিক অপরাধবিষয়ক যৌথ কার্যকরী দলের একাদশ বৈঠকের সুপারিশগুলো স্বরাষ্ট্রমন্ত্রীদের সভায় অনুমোদনের জন্য তোলা হবে।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সহযোগিতার সেতুবন্ধ হিসেবে কাজ করার লক্ষ্যে ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু করে বিমসটেক। এই জোটের সাত সদস্যদেশ হলো বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। বিমসটেকের স্থায়ী সচিবালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত এবং গত ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনেও অংশ নেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে তাকে ওই অধিবেশনে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশ সরকার স্পষ্ট করেছিল যে আমন্ত্রণটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বিমসটেকের সভাপতি হিসেবে পাঠানো হয়েছিল।
এমএইচ
