ঢাকা, সোমবার   ১২ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২৭ ১৪৩৩

স্ত্রী গলায় ফাঁস দিয়েছে জানিয়ে শাশুড়িকে ফোন জামাতার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার

ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় শ্বশুরবাড়ি থেকে মুমতাহা জান্নাত (১৯) নামের এক গৃহবধূকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

রোববার বিকালে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মিলাদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে শনিবার দিবাগত রাতে মুমতাহাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মুমতাহা জান্নাত রুহিয়া উপজেলার আখানগর গ্রামের ধনিপাড়ার বাসিন্দা সুমন ইসলামের (২২) স্ত্রী। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার মো. মুকুলের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে সুমন ইসলাম মোবাইল ফোনে তাঁর শাশুড়ি মুনছুরা বেগমকে (৪০) জানান, তাঁর মেয়ে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছে। তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে নেওয়া হচ্ছে জানিয়ে স্বজনদের সেখানে যেতে বলেন তিনি।

খবর পেয়ে মুনছুরা বেগম হাসপাতালে পৌঁছান। রাত ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক মুমতাহাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত গৃহবধূর মা মুনছুরা বেগম বাদী হয়ে রুহিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উন্মোচনে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ