পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩১ পিএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার | আপডেট: ০২:৩৩ পিএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার
ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ২১ জানুয়ারি।
আজ সোমবার বৈঠক শেষে এ ঘোষণা দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। যা অনুষ্ঠিত হবে পাঁচ ধাপে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি নির্বাচন হবে। এরপর ২৯ এপ্রিল এবং
১৩ মে অনুষ্ঠিত হবে তৃতীয় ও চতুর্থ ধাপ। ২৭ মে পঞ্চম ধাপে শেষ হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
প্রতিটি তারিখই বৃহস্পতিবার পড়েছে বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, প্রতি নির্বাচনের ৬ সপ্তাহ আগে তফসিল ঘোষণা করবে জেলা প্রশাসক।
ইসি সানাউল্লাহ জানান, নির্বাচনে কোনো একক অঞ্চলকে আলাদা না করে সব জেলায় একযোগে কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, এক্ষেত্রে জেলা সদর উপজেলাগুলো এবং যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ পার হয়ে গেছে (ওভারডিউ), সেগুলোকে প্রথম দিকে অগ্রাধিকার দেওয়া হবে।
বিশ্বইজতেমার আখেরি মোনাজাত ১৭ জানুয়ারি নির্ধারিত থাকায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ বিবেচনা করে প্রথম ধাপের ভোটের তারিখ ২১ জানুয়ারিতে নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চারজন নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএইচ
