ঢাকা, মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২৮ ১৪৩৩

আনা হয়নি জিয়াউল আহসানকে, কারাগারে রেখে ভার্চুয়ালি বিচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

নিরাপত্তা শংকায় আজ থেকে গুমের মামলায় জিয়াউল আহসানকে কারাগারে রেখেই ভার্চুয়ালি বিচার কাজ চলবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়নি জিয়াউল আহসানকে। 

প্রসিকিউশন জানায়, কারাগারে রেখেই ভার্চুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটিই প্রথম কোন গুমের বিচার যা শেষের পর্যায়ে, এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ১৫ জন। 

প্রসিকিউশন বলছে, জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ অকাট্য ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। 

এর আগে ৮ অক্টোবর জিয়াউল আহসানের আইনজীবী ট্রাইবুন্যালে দাবি করেন, সিঙ্গেল প্রীজন ভ্যানে জিয়াউলকে আনলে প্রাণনাশের আশংকা রয়েছে। 

শুনানির একপর্যায়ে কাঠগড়ায় থাকা জিয়াউল আহসান নিজেও কথা বলার অনুমতি চান। ট্রাইব্যুনালের অনুমতি পেয়ে তিনি অভিযোগ করেন, তাকে একা গাড়িতে আনার উদ্দেশ্য হলো নিজেরাই কোনো ঘটনা ঘটিয়ে পরে তার ওপর দায় চাপানো।

এদিনই প্রসিকিউশন পাল্টা যুক্তি দিয়ে ট্রাইব্যুনালকে জানান, নিরাপত্তা নিশ্চিত করতে হলে কারাগারে রেখে ভার্চ্যুয়ালি বিচার করা হোক। 

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল-১ ভার্চ্যুয়ালি শুনানির সিদ্ধান্ত নেন।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। 

১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

এএইচ