ঢাকা, মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২৮ ১৪৩৩

পরকীয়া সন্দেহে স্ত্রী হত্যা, ঘাতক সেই স্বামী সীমান্তে গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৫:০২ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

পরকীয়ার সন্দেহ থেকে বাদানুবাদ এরপর এক পর্যায় গামছা দিয়ে শ্বাসরোধ করে গৃহবধূ বিথীকে হত‍্যা করে পালিয়ে যাওয়া ঘাতক স্বামী মজনু রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিং এ তথ‍্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ। 

গত ১২ আগস্টের ওই ঘটনার প্রায় দু'মাস পর সীমান্তবর্তী এলাকা হতে তাকে গ্রেফতার করে পুলিশ ব‍্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলার পুলিশ। 

ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার জানান, প্রায় বছর চারেক আগে আশুলিয়ার বাদশা মিয়ার মেয়ে বিথী আক্তারের সাথে অটোগ‍্যারেজ মেকানিক মজনু রাজার সাথে প্রথমে প্রেমের সম্পর্ক ও পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। প্রথমে সংসার জীবন ভালোভাবে কাটালেও বেশ কিছুদিন পূর্বে থেকে বিথীর গার্মেন্টসের সহকর্মীদের সাথে মেলামেশা নিয়ে সন্দেহ ও মনোমালিন‍্য হতে থাকে তার। এ নিয়ে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয় তাদের। 

গত ১২ আগস্ট রাতে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় বিথীকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় মজনু। পরেরদিন সকালে বিথীর মা মেরিনা বেগম তাদের আশুলিয়ার জামগড়াধীন রূপায়ন মাঠ সংলগ্ন ভাড়া বাসায় খোঁজ নিতে গেলে মেয়েকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। 

পরে বিথীর বাবা এ ব‍্যাপারে মজনু রাজাকে প্রধান আসামি করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে প্রায় দু'মাস পর ৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট খাসপাড়া বাজার সীমান্তবর্তী এলাকা হতে তাকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত মজনু রাজা রংপুরের পীরগাছা থানার গণেশের খামার গ্রামের রমজান আলীর ছেলে।

এএইচ