রাজনৈতিক সংস্কারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি: ডেপুটি স্পিকার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪১ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৭:৫৯ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
সরকারের জবাবদিহি নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠন এবং সংসদকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে পরিণত করার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেছেন, শুধু রাজনৈতিক সংস্কার দিয়ে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নেওয়া সম্ভব নয়; এ জন্য আমলাতন্ত্রসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যকর সংস্কার প্রয়োজন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আয়োজিত শরৎ উৎসব ও নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রের সূচনা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার পরও দেশ কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি। বরং সময়ের পরিক্রমায় দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। তাঁর মতে, এর অন্যতম কারণ ছিল প্রাতিষ্ঠানিক সংস্কারের অভাব।
তিনি আরও বলেন, শুধু সরকারের রাজনৈতিক পরিবর্তন হলেই দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত হবে না। রাষ্ট্রের কার্যক্রমকে নিয়মতান্ত্রিক ও কার্যকর করতে হলে আমলাতন্ত্রসহ প্রতিটি প্রতিষ্ঠানে সংস্কার আনতে হবে। সরকারি কাজে লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে পেশাদারত্ব, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।
সরকারের জবাবদিহি আদায়ের উপায় হিসেবে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, সংসদকে রাষ্ট্র পরিচালনার সব কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়নের মাধ্যমেই একটি পেশাদার ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
এমএইচ
