ঢাকা, বুধবার   ১৪ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২৮ ১৪৩৩

আইনজীবী হওয়ার বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের উদ্যোগ: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

আইন পেশায় প্রবেশের সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর বক্তব্য অনুযায়ী, ৩৫ বছর বয়সের পর কেউ আর আইনজীবী হতে পারবেন না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ভবিষ্যতে আইন পেশার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। এ পরিস্থিতি মোকাবিলায় আইনজীবীদের নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, আইনজীবীদের এমন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে, যাতে মানুষ তাঁদের কাছে এলে একজন জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ পাওয়ার আস্থা অনুভব করেন। শুধু আইন সম্পর্কে জানলেই চলবে না; অর্থনীতি, রসায়ন, নৃবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মতো অন্যান্য বিষয় সম্পর্কেও ধারণা রাখতে হবে।

আইনমন্ত্রী আরও বলেন, দেশের অগ্রগতিতে শিক্ষাগত যোগ্যতা ও জ্ঞানের পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধের চর্চাও জরুরি। একজন আইনজীবী দক্ষ হলেও অর্থের প্রতি অতিরিক্ত লোভ এবং মক্কেলের কাছ থেকে অন্যায্যভাবে অর্থ আদায়ের মানসিকতা তাঁকে আদর্শ পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত হতে বাধা দেয়।

এমএইচ