ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের অন্যান্য স্টেশন থেকে আরও ১৭টি ইউনিট যুক্ত হয়ে বর্তমানে মোট ২০টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানাটির ৬ তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনের ভেতরে ওষুধ তৈরির প্রচুর রাসায়নিক পদার্থ (কেমিক্যাল) থাকায় আগুনের তীব্রতা ও ভয়াবহতা অনেকটাই বেড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, কেমিক্যাল, ধাতব যন্ত্রাংশ ও অন্যান্য শিল্পসামগ্রী রয়েছে। আগুনের কারণে এসব মালামাল বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ কী, তা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।
এমএইচ
