ঢাকা, বুধবার   ১৪ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২৯ ১৪৩৩

শিক্ষার মানোন্নয়নের দাবিতে জেন-জি’র বিক্ষোভে উত্তাল আলবেনিয়া 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার

শিক্ষার পরিবেশের উন্নয়ন, উচ্চশিক্ষার ব্যয় হ্রাস এবং কর্মসংস্থানের দাবিতে আলবেনিয়ায় জেন-জি প্রজন্মের শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্র রূপ নিয়েছে। রাজধানী তিরানায় আন্দোলনকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে ইট ও কংক্রিটের টুকরা ছুড়লে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আন্দোলনের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ, পড়াশোনার অতিরিক্ত খরচ, আর্থিক সহায়তার অভাব এবং ডিগ্রি অর্জনের পর চাকরি পাওয়ার অনিশ্চয়তার প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, দেশে সামাজিক বৈষম্য চরম পর্যায়ে পৌঁছেছে এবং ধনী-দরিদ্রের ব্যবধান দিন দিন বাড়ছে। পুরো ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য এখন একটি বিপ্লব প্রয়োজন বলে মনে করছেন আন্দোলনকারীরা।

কেবল আলবেনিয়া নয়, ইউরোপের অন্যান্য দেশেও শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। ফ্রান্সে শিক্ষক সংকট দূর করা, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর ভিড় কমানো এবং জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলোর সংস্কারের দাবিতে গত সেপ্টেম্বর থেকে আন্দোলন করছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানেও শত শত স্কুল অবরোধসহ পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এমএইচ