ঢাকা, বুধবার   ১৪ অক্টোবর ২০২৬,   আশ্বিন ২৯ ১৪৩৩

হামের উপসর্গ একদিনে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার

সারাদেশে গত ২৪ ঘণ্টায়  হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৭ জন। 

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। 
 
এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ৭৩ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ১৭৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৯৯ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২৮ জনের। মোট ১ হাজার ৩২৭ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। 

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৮৪০ জনের। 

এএইচ