ঢাকা, বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬,   আশ্বিন ৩০ ১৪৩৩

খাদ্যমন্ত্রীর একান্ত সচিব আব্দুল আউয়ালকে অব্যাহতি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে গিয়েছিলেন তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুল। বিষয়টি জানার পর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মন্ত্রী। 

এ সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন এপিএস আবদুল আওয়াল। এ জন্য ৮ অক্টোবর রফিকুল ইসলামের স্বাক্ষরে একটি সরকারি সফরসূচির নোটিশ জারি করা হয়। 

তাতে ঢাকার মোহাম্মদপুরে এপিএস আবদুল আওয়ালের নিজের বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে আবার বাসায় ফেরা পর্যন্ত কর্মসূচি উল্লেখ করা হয়।

সফরের যাবতীয় সহায়তার জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নোটিশের অনুলিপি দেওয়া হয়। জ্বালানির ব্যবস্থা করতে অনুলিপি পাঠানো হয় খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককেও। ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও গিয়েছিলেন বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রের ভাষ্য, এপিএসের এই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী কিছুই জানতেন না। বিষয়টি জানার পর তিনি বিরক্ত হন। সফরের পরদিন আবদুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে অফিস থেকে চলে যেতে বলেন। এরপর তাঁকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

মো.আবদুল আউয়াল বুলবুল খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে থাকাকালেও মন্ত্রীর (আফরোজা খানম রিতা) সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল আউয়াল।

তিনি মানিকগঞ্জ জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ এবং বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। মন্ত্রীর অনুমতি ছাড়াই খাদ্যগুদাম পরিদর্শনই তার জন্য কাল হলো।

উল্লেখ্য, ২০২৬ সালের মে মাসে তার বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার বিভিন্ন দপ্তর ও উপজেলা পর্যায়ে অযাচিত নজরদারি ও হস্তক্ষেপের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।

এএইচ