পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:০২ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাভোগ করতে হবে। এছাড়া অবৈধভাবে অর্জিত তার ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী বিষয়টি নিশ্চিত করেছেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৫ জানুয়ারি মামলাটি করেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সিয়ামের বিরুদ্ধে ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
মামলাটি তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। অভিযোগপত্রে সিয়ামের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ থাকার তথ্য উল্লেখ করা হয়।
গত ১৭ জুন একই আদালত এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে ১১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
উল্লেখ্য, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সংস্থাটির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সিয়াম।
এএইচ
