দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫১ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই সফরের তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, ওই দিন সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের রহমতগঞ্জের ঐতিহাসিক জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
মণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছাবেন এবং সেখানে কিছু সময় বিরতি নেবেন। এরপর রাত ৭টা ৪৫ মিনিটে সার্কিট হাউস থেকে রওনা হয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত ৮টা ৩০ মিনিটে বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবেন।
চট্টগ্রামে আসার আগে একই দিনে প্রধানমন্ত্রী দেশের আরও দুটি বিভাগীয় অঞ্চলে সফর করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, ২০ অক্টোবর সকালে তিনি রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন।
রংপুর সফর শেষ করে দুপুরে তিনি রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে অংশ নেবেন। পূজামণ্ডপ পরিদর্শন সম্পন্ন করার পর বিকেলে রাজশাহীতে আয়োজিত একটি রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপির দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এই সফরকে স্বাগত জানিয়ে বলেছেন, সর্বজনীন সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের ভাবনার অংশ হিসেবে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে।
এমএইচ
