সম্প্রীতির বন্ধনে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনের আহ্বান আইজিপির
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৬ শুক্রবার
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রয়াসের আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই বার্তা দেন।
আইজিপি বলেন, দুর্গাপূজার মূল সুর ও চেতনা হলো সমাজ থেকে সব ধরনের অন্যায়, অবিচার এবং বৈষম্য দূর করা। এই মানবিক চেতনাকে অন্তরে ধারণ করে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে। আইজিপি জানান, সারা দেশের ৩১ হাজারের বেশি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে তিন লাখেরও বেশি সদস্য দিনরাত দায়িত্ব পালন করছেন।
কঠোর নিরাপত্তাবলয় থাকার পরও একটি নির্দিষ্ট মহল থেকে পূজা 'নিয়ন্ত্রিতভাবে' পরিচালনা করা হচ্ছে বলে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন পুলিশপ্রধান। যারা দেশের শান্ত পরিবেশ নষ্ট করে অনাকাঙ্ক্ষিত সুযোগ নিতে চায়, তারাই মূলত এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে আইজিপি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়মিত সঠিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। মন্ত্রীর এই দায়িত্বশীলতা ও তদারকি মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও বেশি উৎসাহিত ও উজ্জীবিত করছে।
এমএইচ
