ঢাকা, শনিবার   ১৭ অক্টোবর ২০২৬,   কার্তিক ২ ১৪৩৩

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবি শিক্ষক নাহরিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার

তথ্য কমিশনের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

আজ শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একইসঙ্গে সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদেরকে এসব পদে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রধান তথ্য কমিশনার ও কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার নির্ধারণ করবে। 

জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে অধ্যাপক নাহরিন ইসলাম খান গণমাধ্যমে পরিচিতি লাভ করেন। তাঁকে বিভিন্ন সময়ে টেলিভিশন টকশো ও সংবাদমাধ্যমে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে দেখা গেছে। 

অধ্যাপক নাহরিন ইসলাম খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জার্মানির মারবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

এ ছাড়া জার্মানির ফ্রেইবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশনীতি ও পরিবেশগত বিরোধ ব্যবস্থাপনা বিষয়ে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। অস্ট্রিয়ার বোকু বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার স্টাডিজে ডিপ্লোমাও রয়েছে তাঁর।

এএইচ