ঢাকা, শনিবার   ১৭ অক্টোবর ২০২৬,   কার্তিক ২ ১৪৩৩

জুলাই জাতীয় সনদ নিয়ে কুটকৌশলের অবকাশ নেই: সাইফুল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার | আপডেট: ০৯:০০ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক কুটকৌশলের কোন অবকাশ নেই। জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার পরিপূর্ণ বাস্তবায়নে বিএনপির  বড় রাজনৈতিক দায় রয়েছে। এই অংগিকার থেকে পিছিয়ে যাওয়ার কোন প্রশ্ন নেই।

শনিবার সকালে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে বিপ্লবী যুব সংহতির আলোচনা সভায় একথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, জুলাই সনদ বিপ্লবী কোন চার্টার নয়, সংবিধান বা রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তনের কোন দলিলও নয়।  জুলাই সনদ নিয়ে অতি রোমান্টিক কোন ভাবালুতা বা অতি বিপ্লবীপনা দেখানোরও কোন সুযোগ নেই। কারণ সংস্কারের সমগ্র আলোচনাই বিদ্যমান সংবিধানের ভিত্তিতে; ২৪ এর গণ অভ্যুত্থান পরবর্তী গত দুই বছর দেশ ও সরকার চলছে এই সংবিধানের ভিত্তিতেই।

তিনি বলেন, বিদ্যমান অগণতান্ত্রিক ও জবাবদিহিহীন সাংবিধানিক ও রাষ্ট্রব্যবস্থাকে খানিকটা গণতান্ত্রিক,  জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ করতেই, সামগ্রিক গণতান্ত্রিক পরিসর বাড়িয়ে তুলতেই জুলাই সনদ প্রণীত ও স্বাক্ষরিত হয়েছে।

জুলাই সনদ স্বাক্ষরকে দেশের গণতান্ত্রিক উত্তরণের একটি  গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন,  জুলাই সনদ দেশে একটি গনতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ভারসাম্যের সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের সুযোগ তৈরি করেছে। 

সাইফুল হক বলেন, গণভোটে জনগণের দেওয়া রায়কে ইতিবাচকভাবে ধারণ করে বিএনপির সংবিধান সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া উচিত ছিল। নবনির্বাচিত সংসদকে ১৮০ দিনের জন্য 'সংবিধান সংস্কার পরিষদ' হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত নিলে তা বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক অর্জন ও গৌরবের বিষয় হতে পারত। কিন্তু সেই সুযোগ গ্রহণ না করে বিএনপি তার বিরোধী  রাজনৈতিক শক্তিগুলোকে নিজেদের বিরুদ্ধে অপপ্রচারের সুযোগ করে দিয়েছে।

আশংকা প্রকাশ করে তিনি বলেন, সংসদের বিরোধী দল সংশ্লিষ্ট কমিটিতে অংশ না নেওয়ায় সংস্কার প্রশ্নে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। তবে  যথাসম্ভব 
রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কার নিশ্চিত করাই এখন গুরুত্বপূর্ণ।

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির আহবায়ক আওয়াল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশন প্রতিনিধিত্বকারী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান,  বিপ্লবী যুব সংহতির যুগ্ম আহবায়ক তুহিন রহমান, সংগঠনের ঢাকা উত্তরের সদস্যসচিব  আহমেদ রনি, কেন্দ্রীয় সংগঠক আরিফুল ইসলাম, লোকমান হোসেন প্রমুখ।

এএইচ