ঢাকা, সোমবার   ১৯ অক্টোবর ২০২৬,   কার্তিক ৩ ১৪৩৩

চলতি সপ্তাহে অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২১ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার

চলতি সপ্তাহেই সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হবে। 

শনিবার সন্ধ্যায় যুবদল নেতা কাউছার হত্যা মামলার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ সুপার বলেন, শুক্রবার দুপুরে যুবদল নেতা কাউছার হত্যা মামলার প্রধান অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় আরেক আসামি তানজীরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে এসআরবি।

গ্রেপ্তার তৌহিদের বিরুদ্ধে হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে। অন্যদিকে তানজীরের বিরুদ্ধে রয়েছে একটি মামলা।

পুলিশ সুপার জানান, সদর উপজেলার ছত্রখিল মডেল মসজিদের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের জায়গা নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা কাউছারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসআরবি কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও পঙ্কজ বড়ুয়া।

এএইচ