ঢাকা, রবিবার   ১৮ অক্টোবর ২০২৬,   কার্তিক ৩ ১৪৩৩

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪ এএম, ১৮ অক্টোবর ২০২৬ রবিবার

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হলো।

শনিবার রাত ১১টার দিকে এসআরবি ও পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন। তিনি আরও জানান, আমিনীকে এসআরবি-৬ এর সাতক্ষীরা কার্যালয়ে রাখা হয়েছে। আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে শুক্রবার ভোরে এ মামলায় এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন মোক্তার হোসেন খান (৫৩) ও আসাদুল ইসলাম মোল্লা (৪৬)।

গত সোমবার শামীম (৩৮) ও তার স্ত্রীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অডিওতে ধর্ম অবমাননাকর মন্তব্য আছে—এমন অভিযোগ উঠলে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং শামীমের বাড়িতে হামলার চেষ্টা করা হয়। ওই দিন স্থানীয় একটি বাজারে শামীমকে প্রথম মারধর করা হয়।

পরদিন মঙ্গলবার বিকালে তিনি স্থানীয় এক পল্লিচিকিৎসকের চেম্বারে চিকিৎসা নিচ্ছিলেন। তখন একদল লোক চেম্বার থেকে শামীমকে বের করে তাকে আবার মারধর করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।

পরে ওই রাতে ফজলুল হক আমিনীর নেতৃত্বে মিছিল নিয়ে হাসপাতালে হামলা হয়। সেখান থেকে শামীমকে ছিনিয়ে নিয়ে আবার পেটানো হয়। পরে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামীম মারা যান। 

এ ঘটনায় তার বড় ভাই আবদুল জলিল বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে স্থানীয় 'তৌহিদী জনতার' নেতা ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়। 

পরিবার সূত্রে জানা গেছে, ওয়াহিদুজ্জামান শামীম উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে। তিনি মাদ্রাসা থেকে কামিল পাসের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ৮ বছর ও ৭ মাস বয়সী দুটি সন্তান রয়েছে তার। 

আরও জানা যায়, কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল।

এএইচ