ঢাকা, রবিবার   ১৮ অক্টোবর ২০২৬,   কার্তিক ৩ ১৪৩৩

কক্সবাজারে নেই ’ডিএনএ’ ল্যাব, দীর্ঘ হচ্ছে স্বজনদের অপেক্ষা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রবিবার | আপডেট: ০৩:৪৯ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রবিবার

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। মরদেহগুলোর ‘ডিএনএ’ পরীক্ষার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

তবে কক্সবাজারে ‘ডিএনএ’ পরীক্ষার ল্যাব না থাকায় ঢাকা সিআইডি অপরাধ বিভাগের ফরেনসিক ডিএনএ ল্যাবের ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে মরদেহগুলো হস্তান্তর করতে দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানা গেছে। 

এদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনায় রাতে রিসোর্টের মালিকদের আসামী করে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজারে ‘ডিএনএ’ পরীক্ষার জন্য কোন ধরণের যন্ত্রপাতি না থাকায় ইনানী টুপটুপ রিসোর্টে আগুনে পুড়ে যাওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্ত সহজে হচ্ছে না। এজন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে।

শনিবার সকালে কক্সবাজারের ইনানী পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মরদেহগুলো এখন কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। সকাল থেকে হাসপাতালের মর্গে সামনে অপেক্ষা করছেন নিহতদের স্বজনরা।

উখিয়ার ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হলেও কক্সবাজারে এ পরীক্ষা করার মতো কোনো ডিএনএ ল্যাব বা প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। ফলে নিহতদের মরদেহ শনাক্তে পুরোপুরি নির্ভর করতে হচ্ছে ঢাকার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ফরেনসিক ডিএনএ ল্যাবের ওপর।

এদিকে, রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় রাতে উখিয়া থানায় রিসোর্ট মালিকদের আসামী করে মামলা হয়েছে। এতে আসামী করা হয়েছে- রিসোর্টের মালিক তানভীর আহমদ (তানভীর সুলতান মিয়া), তার ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোর্শেদ, রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনসহ চারজনকে।

অগ্নিকান্ডের ঘটনায় কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের নেতৃত্বে পাঁচ সদস্যের গঠিত তদন্ত কমিটি আজ সকালে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এএইচ