ডব্লিউএইচও’র পদ পেতে জালিয়াতি, পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রবিবার | আপডেট: ০৭:০৪ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রবিবার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে (সিভি) ভুয়া ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৮ অক্টোবর) এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন দুদকের সচিব মো. সাইদুর রহমান খান।
দুদকের এজাহার ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ডব্লিউএইচও’র গুরুত্বপূর্ণ ওই আঞ্চলিক পরিচালক পদের জন্য আবেদন করার সময় সায়মা ওয়াজেদ হোসেন ওরফে পুতুল নিজের পেশাগত অভিজ্ঞতা সম্পর্কে অসত্য তথ্য দাখিল করেন।
তিনি সিভিতে দাবি করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) তিনি ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে নিয়োজিত ছিলেন এবং সেখানে শিক্ষকতা ও শিক্ষা ম্যানুয়েল রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশ নিয়েছেন। তবে দুদকের দীর্ঘ তদন্তে দেখা গেছে, ওই বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোনো কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা ছিল না এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাঁর এই পদের সত্যতা পায়নি, যা সম্পূর্ণ বানোয়াট প্রমাণিত হয়েছে।
তদন্তে জানা গেছে, তৎকালীন সময়ে অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটি এবং নিজের প্রতিষ্ঠিত ‘সূচনা ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান পদের প্রভাব খাটিয়ে পুতুল এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। সিভিতে দেওয়া মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর অনৈতিক চাপ প্রয়োগ করেন, যাতে সরকারিভাবে কোনো যাচাই-বাছাইয়ের সুযোগ না দিয়েই নথি প্রস্তুত করা হয়।
পরবর্তীতে জাতিসংঘের কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউএইচও’র সদর দপ্তরে এই ভুয়া তথ্য সংবলিত নথিপত্র পাঠানো হয় এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি পদটি বাগিয়ে নেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।
এর আগে, সিভিতে মিথ্যা তথ্য দিয়ে ডব্লিউএইচও’তে চাকরি লাভ এবং সূচনা ফাউন্ডেশনের নামে ক্ষমতার অপব্যবহার করে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে ২০২৫ সালের ২০ মার্চ পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছিল দুদক।
তদন্ত শেষে এবার সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আনীত অপরাধসমূহ প্রমাণিত হওয়ায় চার্জশিট বা চূড়ান্ত অভিযোগপত্র আদালতে দাখিলের অনুমোদন দিল কমিশন।
এমএইচ
