ঢাকা, রবিবার   ১৮ অক্টোবর ২০২৬,   কার্তিক ৩ ১৪৩৩

ঢাকা মহানগরীর ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রবিবার

ঢাকা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ, সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদারকরণ, খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি অর্জনে একগুচ্ছ বড় সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 

মূলত প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। ঢাকার দুই সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম তদারকিতে এবার দুই ভাগে মোট ২০টি বিশেষ জোনাল কমিটি গঠন করা হচ্ছে।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এলাকাভিত্তিক মোট ২০টি জোনে ২০টি বিশেষ তদারকি কমিটি কাজ করবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১০টি কমিটি তাদের মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করবে। অত্যন্ত গুরুত্ব দিয়ে গঠিত এই জোনাল কমিটিগুলোর প্রধান হিসেবে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মাঠপর্যায়ে কাজের কার্যকারিতা বাড়াতে এই জোনাল কমিটিগুলোতে সরকারের বিভিন্ন স্পর্শকাতর ও সেবামূলক বিভাগের সমন্বয় ঘটানো হয়েছে। প্রতিটি কমিটিতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং সিটি করপোরেশনের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল উইং ও আইন প্রয়োগকারী সংস্থার দক্ষ প্রতিনিধিরা যুক্ত থাকবেন। এছাড়া তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রতিটি কমিটির সাথে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নির্বাহী ম্যাজিস্ট্রেট) রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ২০টি জোনাল কমিটির মাঠপর্যায়ের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, পরিচালনা ও সমন্বয়ের জন্য একটি উচ্চপর্যায়ের মূল মনিটরিং কমিটি গঠন করা হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এই শক্তিশালী মনিটরিং কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, সিটি করপোরেশনের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা, ঢাকা ওয়াসা, স্বাস্থ্যসেবা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা। এই কমিটিগুলো সরেজমিনে পরিচ্ছন্নতা অভিযান ও খালের সীমানা চিহ্নিতকরণের পাশাপাশি মশক নিধনে শতভাগ কার্যকর পদক্ষেপ নিশ্চিত করবে।

স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। 

এছাড়াও সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা ওয়াসা এবং দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন নীতি-নির্ধারকেরা উপস্থিত থেকে বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করেন।

এমএইচ