মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার
মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও তাঁর গাড়িচালকসহ দুজন আহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) মুম্বাইয়ের জুহু থানা এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়া হয়।
এ ঘটনার পর তাঁকে একনজর দেখতে ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমেছিল।
গুলিবর্ষণের ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে লরেন্স বিষ্ণোই চক্রের সদস্য পরিচয় দিয়ে অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি হামলার দায় দাবি করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভিডিওতে তাঁর দাবি, তাঁদের নির্দেশ না মানা এবং বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করার কারণে টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে ভিডিওটির সত্যতা এবং এর সঙ্গে গুলিবর্ষণের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে হামলার পেছনের প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে সালমান খানের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় লরেন্স বিষ্ণোইয়ের ভাই অনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে মামলা হয়। সেই ঘটনার পর থেকে সালমান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
এদিকে টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঐ.মিষ্টি//
