ঢাকা, সোমবার   ১৯ অক্টোবর ২০২৬,   কার্তিক ৪ ১৪৩৩

সৌদির বাংলাদেশ কনস্যুলেটের হজ উইংয়ে ৫ পদে নিয়োগ, ১২ নভেম্বর পর্যন্ত আবেদন

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৫ এএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার | আপডেট: ১০:২৮ এএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের হজ উইংয়ে পাঁচটি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সৌদি আরবে বসবাসরত যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে এসব পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

বাংলাদেশ কনস্যুলেট থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, হজ উইংয়ের সাংগঠনিক কাঠামোর আওতায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদগুলোতে এ নিয়োগ দেওয়া হবে।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে তা হলো- ১. প্রটোকল সহকারী পদে ১ জন। বেতন স্কেল ৮,৮২৫–১৫,০১০–১৯,১০৫–৬৮,৬৭৫ সৌদি রিয়াল। ২. কম্পিউটার অপারেটর কাম-ইন্টারপ্রেটার: ১ জন। বেতন স্কেল ৮,৮২৫–১৫,০১০–১৯,১০৫–৬৮,৬৭৫ সৌদি রিয়াল। ৩. কেয়ারটেকার কাম-নাইটগার্ড: ১ জন। বেতন স্কেল ২,৮১৫–৮,৪০৫–১০,১৭৫–২৫,০৫০ সৌদি রিয়াল। ৪. ড্রাইভার/গাড়িচালক: ২ জন। বেতন স্কেল ৩,০৫০–৮,৪০৫–১০,১৭৫–২৫,৫৫০ সৌদি রিয়াল।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীকে সৌদি আরবে বৈধ ইকামা ও বৈধ বাংলাদেশি পাসপোর্টধারী হতে হবে। পদভেদে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ, আরবি ভাষায় দক্ষতা, কম্পিউটার পরিচালনা, বাংলা ও ইংরেজি টাইপিং, যোগাযোগের দক্ষতা এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। ড্রাইভার পদে সৌদি আরবের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্ট ও ইকামার কপি, অভিজ্ঞতার সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। 

অসম্পূর্ণ আবেদন কিংবা নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগের ক্ষেত্রে লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হতে পারে।

আবেদনের শেষ সময় ১২ নভেম্বর

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখিত ই-মেইল ঠিকানা missionhajj@gmail.com-এ পাঠানো যাবে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগসংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণ এবং আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা নিয়োগ কমিটি সংরক্ষণ করে। বিস্তারিত শর্তাবলি ও আবেদনপ্রক্রিয়া জানতে প্রার্থীদের মূল নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এএইচ