ঢাকা, সোমবার   ১৯ অক্টোবর ২০২৬,   কার্তিক ৪ ১৪৩৩

২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৪৮৪ জন, মামলা ৫৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১ এএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ ১৫০ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, ওয়ারী বিভাগ ৫০ জন, লালবাগ বিভাগ ৪১ জন, রমনা বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, গুলশান বিভাগ ১৮ জন, গোয়েন্দা বিভাগ সাত জন ও সিটিটিসি বিভাগ দুই জনকে গ্রেফতার করে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ২০৪ বোতল ফেন্সিডিল, নয়টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, ১ হাজার ৫০৫ টাকা, একটি অটোরিকশা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এএইচ