ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জহুরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার | আপডেট: ০৩:৫৩ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার
দেশের আবাসন ও শিল্প খাতের বিশিষ্ট উদ্যোক্তা এবং ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ।
সোমবার (১৯ অক্টোবর) মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইস্টার্ণ হাউজিং লিমিটেডের উদ্যোগে ঢাকার আফতাবনগর এবং তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আলহাজ্ব জহুরুল ইসলাম ছিলেন দেশের একজন স্বনামধন্য উদ্যোক্তা ও শিল্পপতি। তাঁর দূরদর্শিতা, কর্মনিষ্ঠা ও উদ্যোগ দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন এবং আবাসন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর নেতৃত্ব, কর্মদক্ষতা ও আদর্শ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর অগ্রযাত্রায় আজও অনুপ্রেরণা জোগাচ্ছে।
তাঁর কর্মময় জীবন, অসামান্য অবদান ও স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর প্রতিষ্ঠিত মূল্যবোধ ও দূরদর্শী চিন্তাধারাকে ধারণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অগ্রযাত্রা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সবার।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইস্টার্ণ হাউজিং লিমিটেডের পক্ষ থেকে মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
এমএইচ
