ঢাকা, সোমবার   ১৯ অক্টোবর ২০২৬,   কার্তিক ৪ ১৪৩৩

কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের নানযিবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার | আপডেট: ০৪:০৪ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

২০২৬ সালের কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী নানযিবা ইবনাত ঘুমপরী। তিনি রাজধানীর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

নানযিবার ‘দ্য ল্যাডার আই ওউ’ শিরোনামের রচনাটি বাংলাদেশের গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এক কিশোরীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে লেখা। এতে বাল্যবিবাহ, লিঙ্গবৈষম্য ও শোষণের মতো সামাজিক সমস্যার চিত্র তুলে ধরা হয়েছে।

রচনাটিতে কিশোরীর জীবনের গল্পের মধ্য দিয়ে নানযিবা দেখিয়েছেন, কীভাবে এসব সামাজিক অন্যায় মেয়েদের শৈশব কেড়ে নেয়, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে এবং নিজেদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সীমিত করে দেয়। একই সঙ্গে এসব প্রতিবন্ধকতা কীভাবে তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে সংকুচিত করে, তা-ও তুলে ধরেছেন তিনি।

এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় নানযিবা ইবনাত ঘুমপরী বলেন, “আমার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মেয়েদের ও নারীদের জীবনের বাস্তবতা সবার সামনে তুলে ধরা। কারণ আজও তারা এমন এক ব্যবস্থার খাঁচায় আটকে আছে, যা তাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার থেকে বঞ্চিত করে।”

নানযিবার এই অর্জন দেশের শিক্ষার্থী ও তরুণ লেখকদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। তাঁর লেখায় বাল্যবিবাহ, লিঙ্গবৈষম্য ও নারীর স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় উঠে আসায় রচনাটি বিশেষ তাৎপর্য বহন করছে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তাঁর সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও সাহিত্যচর্চার সম্ভাবনাকেও তুলে ধরেছে।

এমএইচ