সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩১ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার
রাষ্ট্রায়ত্ত তিন বড় ব্যাংক—সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে যে তিন এমডি ও সিইও-এর চুক্তি বাতিল করা হয়েছে, তারা হলেন—সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে জনতা ও রূপালী ব্যাংকের ক্ষেত্রে সরকারের চূড়ান্ত সম্মতির বিষয়টি উল্লেখ করে ব্যাংক দুটির পরিচালনা পর্ষদকে চুক্তির শর্ত ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর তিন বছরের চুক্তিতে এই শীর্ষ পদে যোগ দিয়েছিলেন। সোনালী ব্যাংকে আসার আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
অন্যদিকে, কাজী মো. ওয়াহিদুল ইসলামও তিন বছরের চুক্তিতে রূপালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং মো. মজিবর রহমান জনতা ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। মেয়াদ শেষ হওয়ার আগেই সরকারের এই সিদ্ধান্তের কারণে তাদের দায়িত্ব থেকে সরে যেতে হচ্ছে।
তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের পর এখন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে ব্যাংকিং বিধিমালা ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে। শূন্য হওয়া এই শীর্ষ পদগুলোতে নতুন নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া দ্রুতই শুরু হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এমএইচ
