ঢাকা, মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬,   কার্তিক ৪ ১৪৩৩

শাহজালালে ১৫–২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে যাত্রীরা তাদের লাগেজ পাচ্ছেন। সোমবার রাত ৮টায় বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা সরজমিনে পরিদর্শন এবং অপেক্ষমাণ যাত্রীদের সাথে কথা বলে এই তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরে যাত্রীসেবার বর্তমান মান নিয়ে তিনি গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, বর্তমান সরকারের গত সাত মাসের নিরলস প্রচেষ্টায় বিমানবন্দরের লাগেজ ব্যবস্থাপনায় বড় ধরনের উন্নতি হয়েছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের ভোগান্তি কমাতে ‘লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা’চালুর যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা এখন পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। 

এর ফলে যাত্রীরা সরাসরি তাদের লাগেজের অবস্থান পর্যবেক্ষণ করতে পারছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনার কথা উল্লেখ করে বিমানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। তাঁর সেই পরিকল্পনাগুলোই এখন বিভিন্ন ক্ষেত্রে ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে।

সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট স্থগিত হওয়ার বিষয়ে মন্ত্রী জানান, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণেই আপাতত ওই রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। দেশটির বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত করায় সরাসরি ও ট্রানজিট রুটের ফ্লাইট স্থগিত হওয়ায় হাজারো প্রবাসী কর্মী ও যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

তবে যাত্রীদের এই দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য কাজ করছে সরকার। সৌদি কর্তৃপক্ষ অনুমোদন দিলেই পুনরায় রিয়াদ রুটে স্বাভাবিক ফ্লাইট চালু হবে।

বিমানবন্দরের সার্বিক সেবা কার্যক্রম পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি-সহ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। লাগেজ ব্যবস্থাপনার এই ইতিবাচক ধারা এবং যাত্রীসেবার মান ভবিষ্যতে যেকোনো মূল্যে ধরে রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশ দেন বিমানমন্ত্রী।

এমএইচ