রংপুরের পথে প্রধানমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
শারদীয়া দুর্গা উৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা থেকে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমান বন্দর থেকে একটি সামরিক বিমানে প্রধানমন্ত্রী রংপুর রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রংপুর রওনা হয়েছেন। সেখানে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।’
শারদীয়া দুর্গাপূজার মহানবমীতে প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজা মণ্ডপসমূহ পরিদর্শন করবেন।
প্রেস সচিব বলেন, ‘তিন মহানগরে পূজামণ্ডপ পরিদর্শনের পর রাতে ঢাকা ফেরবেন প্রধানমন্ত্রী।’
তিনি বলেন, ‘এই সরকারের নীতি ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। এবার সরকার সারাদেশে হিন্দু সম্প্রদায়ের পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নিয়েছে। বরাদ্ধ বেড়েছে, ছুটি বেড়েছে এবং পূজা মণ্ডপগুলোতে সব ধরনের সহযোগিতা করছে সরকার।’
প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমান বন্দরের থেকে নীলফামারী সৈয়দপুর বিমাবন্দরের উদ্দেশ্যে যাত্রা, ১০টায় সৈয়দপুর বিমান বন্দর থেকে রংপুর রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন, সাড়ে ১২টায় সৈয়দপুর বিমান বন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা, বেলা ১টা ১৫ মিনিটে শাহ মখুদুম বিমান বন্দর থেকে রাজশাহীর ধর্মসভা মন্দির পুজামণ্ডপ পরিদর্শন, ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রা বিরতি।
বিকাল তিনটায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান, বিকাল ৪টায় ১৫ মিনিটে শাহ মখদুম বিমান বন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা।
বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জেএম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রা বিরতি, রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা এবং ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমান বন্দরের অবতরণ।
এর আগে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শকালে প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিনী জুবাইদা রহমানও ছিলেন।
মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী। পরের দিনই বিসর্জেনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয়া দূর্গা উৎসব।
এএইচ
