ঢাকা, মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬,   কার্তিক ৫ ১৪৩৩

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬ এএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলের নেতাকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশেষ সামরিক বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। 

এরপর বিমানবন্দর থেকে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তিনি সড়কপথে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

এসময় সৈয়দপুর বিমানবন্দর থেকে শুরু করে কামারপুকুর, চিকলী এবং সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কের দু’পাশে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকা অসংখ্য সাধারণ মানুষ, নারী-শিশু এবং উৎফুল্ল দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রীর গাড়িবহর ধীরগতিতে এগিয়ে যাওয়ার সময় রাস্তার দু’পাশ থেকে হাজার হাজার মানুষ জাতীয় পতাকা ও দলীয় প্রতীক নেড়ে ‘স্বাগতম, স্বাগতম’ স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। 

এসময় প্রধানমন্ত্রী গাড়ির গতি কমিয়ে হাত নেড়ে সর্বস্তরের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের এই আবেগঘন অভিবাদনের জবাব দেন।

দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের সার্বিক সার্বজনীন আয়োজন, নিরাপত্তাব্যবস্থা ও পূজামণ্ডপ ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, পুণ্যার্থী এবং স্থানীয় সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা সাড়ে ১১টার দিকে রংপুর থেকে পুনরায় সৈয়দপুর হয়ে রাজশাহীতে যাবেন প্রধানমন্ত্রী।

সেখানে পূজামণ্ডপ পরিদর্শন শেষে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এরপর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে আনুষ্ঠানিকতা শেষে রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

এএইচ