সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২২ এএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য জানতে দেশটির কর্তৃপক্ষের কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার। প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
তিনি জানান, সৌদি আরবের আদালতের রায়ের কপি পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা এবং পরিস্থিতি মূল্যায়ন করা সহজ হবে।
প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। এখন তাদের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। নথিপত্র হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। যাচাই না করা পোস্ট বা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে না পৌঁছে সরকারি সূত্র থেকে নিশ্চিত তথ্য জানার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, সৌদি আরবে কারাবন্দী বাংলাদেশিদের বিষয়ে দেশটির কর্তৃপক্ষ নিয়মিতভাবে তথ্য পাঠায়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তির নাম ওই তালিকায় রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে এখনো বিস্তারিত তথ্য নেই।
বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দেশটিতে কর্মরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সংশ্লিষ্ট নথিপত্র ও তথ্য পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে আশা করছে সরকার। সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
ঐ.মিষ্টি//
