বিশ্বকাপে রেফারির সমালোচনা: মিসরের কোচসহ তিনজন নিষিদ্ধ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২৩ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১২:২৮ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় মিসরের প্রধান কোচ হোসাম হাসান, দলের পরিচালক ইব্রাহিম হাসান ও ফরোয়ার্ড মোস্তফা জিকোকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।
মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এ তথ্য নিশ্চিত করেছে।
এর মধ্যে হোসাম হাসান ও ইব্রাহিম হাসানকে তিন ম্যাচ করে এবং মোস্তফা জিকোকে পাঁচ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মিসর। ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল দলটি। পরে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে নাটকীয় জয় পায় আর্জেন্টিনা।
ম্যাচটিতে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মিসরের খেলোয়াড় ও কর্মকর্তারা। আক্রমণের আগে ফাউলের অভিযোগে মোস্তফা জিকোর একটি গোল বাতিল হয়। এ ছাড়া ম্যাচের শেষ দিকে পেনাল্টির আবেদন করেও সাড়া পাননি মিসরের খেলোয়াড়েরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন কোচ হোসাম হাসান। তাঁর অভিযোগ ছিল, মাঠের ভেতরের সিদ্ধান্ত এবং মাঠের বাইরের কিছু বিষয় ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।
অন্যদিকে, ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে রেফারিকে অপমানজনক মন্তব্য করার অভিযোগে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন জিকো। দলের পরিচালক ইব্রাহিম হাসানও একই ঘটনায় তিন ম্যাচের শাস্তি পেয়েছেন।
এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে পারে মিসরের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোতে। কোচ হোসাম ও পরিচালক ইব্রাহিম হাসানকে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সঙ্গে পাওয়া যাবে না। অন্যদিকে, জিকোর নিষেধাজ্ঞা আগামী জুন পর্যন্ত বহাল থাকায় জাতীয় দলের হয়ে তাঁর অনুপস্থিতি আরও দীর্ঘ হবে।
এদিকে, নিষেধাজ্ঞার বিস্তারিত কারণ জানতে ফিফার শৃঙ্খলা কমিটির সঙ্গে যোগাযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। সিদ্ধান্তগুলোর আইনি দিক পর্যালোচনা করে আপিল করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্থাটি।
রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক এবং পরবর্তী শাস্তির ঘটনায় আর্জেন্টিনা-মিসর ম্যাচটি বিশ্বকাপের আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে উঠেছে।
ঐ.মিষ্টি//
