ঢাকা, মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬,   কার্তিক ৫ ১৪৩৩

অর্ধশত বছরের ঐতিহ্য, টাঙ্গাইলে একই আঙিনায় মন্দির-মসজিদ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

ঢাক-ঢোলের শব্দে মুখর দুর্গাপূজার মণ্ডপ। আর ঠিক পাশেই মসজিদ। একই আঙিনায় পাশাপাশি দুই ধর্মীয় উপাসনালয়। ১৯৬৯ সাল থেকে এখানে নিজ নিজ ধর্মীয় আচার পালন করে আসছেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ। 

আজান ও নামাজের সময় বন্ধ থাকে পূজার গান-বাজনা। পারস্পরিক শ্রদ্ধা আর সহযোগিতায় গড়ে ওঠা এই সম্প্রীতি নজর কেড়েছে সবার। 

একদিকে ঢাক-ঢোলের তালে দুর্গাপূজার উৎসব, অন্যদিকে নির্ধারিত সময়ে নামাজ আদায়। ধর্ম আলাদা, তবে সম্প্রীতির বন্ধনে এক।

টাঙ্গাইলের নাগরপুরে চৌধুরীবাড়ির ও ঝা ঠাকুর ও হররাম কেন্দ্রীয় দুর্গামন্দিরের পাশেই রয়েছে একটি মসজিদ। দীর্ঘ ৫৫ বছরেরও বেশি সময় ধরে এখানে পাশাপাশি নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন দুই সম্প্রদায়ের মানুষ।

আজান ও নামাজের সময় বন্ধ রাখা হয় পূজার গান-বাজনা। মুসল্লিদের নামাজের সময়সূচি আগেই জানিয়ে দেওয়া হয় পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের। সেই অনুযায়ী চলে উৎসবের আনুষ্ঠানিকতা।

শুধু নিজ নিজ ধর্ম পালনই নয়, একে অপরের ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা জানানো এবং প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াও এখানকার দীর্ঘদিনের রীতি।

স্থানীয়দের ভাষ্য, পারস্পরিক বোঝাপড়া আর সহনশীলতাই এই সম্প্রীতির মূল ভিত্তি। বছরের পর বছর ধরে এভাবেই ধর্মীয় উৎসব পালন করে আসছেন তারা।

এদিকে দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ধর্মীয় স্থানটি পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার। এ সময় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আশাবাদ জানান তিনি।

এএইচ