পুলিশের এডিশনাল ডিআইজির বাসায় ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৪
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪১ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকায় পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে ডিবি উত্তরা বিভাগের একটি দল এই অভিযান পরিচালনা করে। ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন আফগান নাগরিকও রয়েছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আড়াই তলার থ্রিপ্লেক্স বাড়িটি এডিশনাল ডিআইজি আব্দুল্লাহ আল জহির ‘এয়ারবিএনবি’ প্ল্যাটফর্মের মাধ্যমে ভাড়া দিয়েছিলেন।
তবে অনলাইন বুকিংয়ের আড়ালে সেখানে প্রতি রাতেই অবৈধভাবে মদ ও মাদকের কারবারসহ ডিজে পার্টির আয়োজন করা হতো। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে গাঁজা, ইয়াবা, মদ, ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও অন্যান্য সামগ্রী।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বাসাটি একজন হোস্ট ও কোহোস্টের মাধ্যমে পরিচালিত হতো। অভিযানে মাহবুবুল আলম নামের এক কোহোস্টকে আটক করা হয়েছে। গোয়েন্দা উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির জানান, এয়ারবিএনবি-এর মাধ্যমে ঘরটি ভাড়া দেওয়া হলেও ওই বাসা থেকে অর্জিত আয়ের ৭০ শতাংশ সরাসরি নিতেন এডিশনাল ডিআইজি জহির।
তদন্ত সংশ্লিষ্ট ডিবির একটি সূত্র জানিয়েছে, অভিযান চলাকালে এবং এরপর আটক কোহোস্ট মাহবুবুল আলমকে ছেড়ে দেওয়ার জন্য খোদ এডিশনাল ডিআইজি আব্দুল্লাহ আল জহির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তদবির বা সুপারিশ করেছিলেন।
এই অনৈতিক কর্মকাণ্ড এবং মাদক চক্রের সাথে সম্পৃক্ততার বিষয়ে জানতে আব্দুল্লাহ আল জহিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আটক ৮৪ জনের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এমএইচ
