গ্রীনরোডে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪০ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গ্রীনরোড এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গ্রীনরোড স্টাফ কোয়ার্টারের বাসিন্দাদের মধ্যে এবং আশপাশের এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় সাধারণ মানুষ ও পথচারীদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানানো হয়।
লিফলেটে ডেঙ্গু জ্বরের প্রকোপ কমাতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা তুলে ধরা হয়।
গ্রীনরোড স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল আলম, সাধারণ সম্পাদক শেখ কামাল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. আবুল বাশারসহ অন্যান্যরা।
এ ছাড়া কলাবাগান থানা বিএনপির আহ্বায়ক সাইদুর রহমান সাইদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
এমএইচ
